অপহরণের পর শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি থেকে অপহূত চার বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর জবাই করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দবিরগঞ্জ সেতুর নিচ থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুলিশ ও গ্রামবাসী জানায়, বেলকুচির শ্যামনগর গ্রামের হারুনের চার বছরের শিশু নাহিদ ওরফে বাবু গত ৩১ অক্টোবর বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় একদল অপহরণকারী তাকে ধরে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মুঠোফোনে তার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় বাবুর চাচা মোতালেব হোসেন ওই দিনই বেলকুচি থানায় একটি মামলা করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেলকুচি উপজেলার চন্দ্রনগাতী ও সালদাইর গ্রামের সুমন, সালাউদ্দীন, রাসেল, বাপ্পি ও আলী আলমকে গ্রেপ্তার করে। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকালে ওই শিশুর লাশ উদ্ধার করে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।