অপহরণের পর স্কুলছাত্রকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মনিবাবু শুভর (১১) লাশ ইছামতী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা অপহরণের পর তাকে হত্যা করে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ করেছে শুভর পরিবার।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া গ্রামের ১৪ বছরের এক মেয়েকে প্রায় দেড় বছর আগে একই গ্রামের মাসুদ আলী (২০) অপহরণ করেন—এই অভিযোগ এনে মেয়ের বাবা মাসুদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসার পর তাদের বিয়ে দেওয়া হয়। কিন্তু প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। শুভর বাবা-মা এ কারণে গত বুধবার ওই মেয়েকে মাসুদের বাড়ি থেকে তাঁদের কর্মস্থল ঢাকায় নিয়ে যান।শুক্রবার রাতে শুভ তার ঘরে নাসিম নামের এক সহপাঠীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা শুভকে অপহরণ ও হত্যা করে লাশ গ্রামের পাশে ইছামতী নদীতে ফেলে দেয়। শুক্রবার সকালে থানা-পুলিশ সংবাদ পেয়ে নিহত শুভর লাশ নদী থেকে উদ্ধার করে। মাসুদের ঘর থেকে রক্তমাখা ভেজা কাপড় ও কাঁচি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে মাসুদসহ তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের সঙ্গে কথা বলা যায়নি।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক জানান, ঘটনার আলামত উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে।