অপহরণের পর স্কুলছাত্রকে হত্যা, পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা। এই টাকা না পাওয়ায় গত বৃহস্পতিবার রাতে নাটোরের হালসা বাজারে স্কুলছাত্র অনন্ত কুমার চক্রবর্তীকে (১১) শ্বাস রোধ করে হত্যা করেছে তারা।অনন্ত কুমার চক্রবর্তী নাটোর সদর উপজেলার হালসা গ্রামের অশোক কুমার চক্রবর্তীর ছেলে এবং স্থানীয় হালসা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে অনন্ত কুমার চক্রবর্তী স্থানীয় হালসা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর ওই দুর্বৃত্তরা তাদের মুঠোফোন থেকে অনন্তের বাবাকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। এরপর ওই মুঠোফোনটি বন্ধ করে রাখা হয়।পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও স্থানীয় লোকজন অনন্তকে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই মুঠোফোন নম্বরটি হালসা গ্রামের যুবক আশরাফ হোসেনের বলে জানতে পারে। ওই রাতে নয়টার দিকে আশরাফ হোসেনকে আটক করার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ও র‌্যাব। জিজ্ঞাসাবাদের মুখে রাত পৌনে ১২টায় আশরাফ হোসেন অনন্তকে হত্যার কথা স্বীকার করেন।তাঁর দেওয়া তথ্যমতে, পুলিশ একই গ্রামের মামুন (৩০) ও শাজাহানকে (৩২) গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ হালসা মোহামঞ্চদিয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন একটি পানের বরজ থেকে অনন্ত কুমারের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে পুলিশ হালসা মাদ্রাসার শিক্ষক পঞ্চগড় জেলার মাদারীপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে এমদাদুল হক ও একই এলাকার ইউসুফ আলীর ছেলে মাদ্রাসার ছাত্র সাইদুজ্জামানকে গ্রেপ্তার করে।অনন্তের বাবা অশোক কুমার চক্রবর্তী বলেন, ‘অপহরণকারীরা মোবাইলে পাঁচ লাখ টাকা দাবি করার পর আমি তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে আমি পুলিশকে ঘটনা জানিয়েছিলাম। খুনিরা আমার বাড়ির কাছের হওয়ায় এ খবর পাওয়ামাত্র তারা আমার ছেলেকে হত্যা করেছে।’নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে গতকাল দুপুরে আশোক চক্রবর্তী নাটোর সদর থানায় মামলা করেছেন।