অপহরণের পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমার বাবা আবুল হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। হাসপাতালে ভর্তি আছে। তোমাকে দেখতে চেয়েছে, তুমি আমাদের সঙ্গে গাড়িতে করে চলো, তোমার বাবার কাছে নিয়ে যাব।’ এই বলে প্রাইভেট কারে করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র তুষারকে অপহরণ করে নেওয়া হচ্ছিল। গাড়িতে তার সঙ্গে খারাপ ব্যবহার করার পর সে বুঝতে পারে, তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। ত্রিশাল বাসস্ট্যান্ডে গাড়ি এসে যানজটে আটকা পড়লে সে দরজা খুলে বেরিয়ে এসে অপহরণকারীদের হাত থেকে বেঁচে যায়।জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার মুখটুলা গ্রামের আবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম তুষারকে (১১) গতকাল রোববার দুপুরে বাড়ি থেকে রাস্তায় বের হওয়ার পর প্রাইভেট কার থামিয়ে বাবার দুর্ঘটনার কথা বলে অপহরণ করে নিয়ে আসে অপহরণকারীরা। পথে সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রাইভেট কারটি আটকা পড়লে সে দরজা খুলে বেরিয়ে আসে এবং ঘটনাটি স্থানীয় দোকানদারদের জানায়। অপহরণকারীরা এটি টের পেয়ে দ্রুত গাড়ি ছেড়ে চলে যায়। পরে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তুষারকে থানায় নিয়ে যাওয়া হয়।তুষার সাংবাদিকদের বলে, ‘আমি ধনিয়াকান্দি হামিদিয়া মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ি। দুপুরে খাওয়ার পর বাড়ি থেকে রাস্তা পার হয়ে পার্শ্ববর্তী বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। এ সময় একটি কালো প্রাইভেট কার থামিয়ে আমার বাবার দুর্ঘটনার কথা বলে জোর করে আমাকে গাড়িতে তোলা হয়।’ ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, তুষারের বাবাকে খবর দেওয়া হয়েছে। অপহরণকারীদের আটক করা যায়নি।