অপহরণের পরদিন মিলল স্কুলছাত্রের লাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহূত এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে শেরপুরের নকলা উপজেলায়। গত শনিবার রমজান সিকদার (৯) নামেল ওই স্কুলছাত্রকে অপহরণ করা হয়। পরদিন রোববার রাতে নকলার একটি জঙ্গলে পাওয়া যায় তার লাশ।
নিহত রমজান সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি গ্রামের মৃত ইসমাইল সিকদারের ছেলে। সে জালকুড়ি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নকলা উপজেলার ধনাকুশা গ্রামের রিপন মিয়া (১৮) ও ধামনা গ্রামের হামিদুল হককে (২১) গ্রেপ্তার করেছে। রিপন ও হামিদুল নিহত রমজানদের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও রামজানের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে রমজান স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। ঘটনার পর থেকে কাজের ছেলে রিপন মিয়াও উধাও হয়ে যায়। পরে এ ব্যাপারে ওই দিনই রমজানের মামা জামাল উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে নকলা থানার পুলিশ স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে নকলা সদর ইউনিয়নের চেপাকুড়ি সেতুসংলগ্ন একটি জঙ্গল থেকে রমজানের লাশ উদ্ধার করে। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া ও হামিদুলকে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফছিউর রহমান জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মিয়া জানিয়েছেন, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শনিবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে রমজানকে অপহরণ করে তাঁরা নকলায় নিয়ে আসেন। কিন্তু অপহরণের ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় ওই দিন ভোররাতে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। পরে লাশ জঙ্গলে ফেলে রেখে যান তাঁরা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় হামিদুল, রিপনসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন নিহত রমজানের মা মর্জিনা বেগম।