অপহরণের পাঁচ ঘণ্টা পর অপহূত পুলিশ সদস্যকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ করার পাঁচ ঘণ্টা পর ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত নয়টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাইলি এলাকা থেকে রফিকুলকে অপহরণ করা হয়। রাত দুইটার দিকে উপজেলার সাইলি এলাকার একটি ধানখেত থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রফিকুল ইসলামকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেলিম ও সোহেল নামের দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, রফিকুল ইসলাম বুধবার রাতে গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলিয়াতে ফিরছিলেন। রাত নয়টার দিকে সাইলি এলাকায় পৌঁছলে পাঁচ যুবক অস্ত্রের মুখে তাঁকে অপহরণ করে। এর পর তাঁরা রফিকুল ইসলামের মুঠোফোন দিয়ে তাঁর স্ত্রী হেনেরা বেগমের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। হেনেরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ছদ্মপরিচয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিয়ে স্থানীয় বরঙ্গাইল বাসস্ট্যান্ডে যেতে বলে। বাসস্ট্যান্ডের কাছাকাছি অপহরণকারী দলের সেলিম ও সোহেলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী সাইলি এলাকার ধানখেত থেকে রফিকুল ইসলামকে উদ্ধার করে। গ্রেপ্তার সেলিমের বাড়ি ফরিদপুরের মধুখালী ও সোহেলের বাড়ি বাগেরহাটে।