অপহরণের পাঁচ দিন পর তরুণ উদ্ধার
সিরাজগঞ্জে মুক্তিপণের দাবিতে অপহরণের পাঁচ দিন পর গত রোববার রাতে শহরের জানপুর মহল্লার সিংপাড়া এলাকা থেকে অপহূত মোটর মেকানিক আনন্দ সিংকে (২০) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা উদ্ধার করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হূদয় সিং (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় আনন্দের বাবা মনিলাল সিং বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে হূদয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ র্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক অশোক কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পর গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে হূদয় সিংকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে পাশের সিংপাড়া মহল্লার ভাড়াটিয়া বাদশা মিয়ার বাথরুমের জলছাদের ওপর থেকে হাত-পা বাঁধা ও অসুস্থ অবস্থায় আনন্দকে উদ্ধার করা হয়।
তবে অপহরণকারী চক্রের প্রধান বাদশা মিয়াকে পাওয়া যায়নি। আনন্দ সিংকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনন্দের মামি পুন্নি রায় জানান, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহরের গোশালা এলাকায় নিজ কর্মস্থল মোটর গ্যারেজে কাজ করার সময় মুঠোফোনে একটি কল পেয়ে আনন্দ দ্রুত সেখানে চলে যায়। এরপর একাধিকবার মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
একপর্যায়ে অপহরণকারীরা মুঠোফোনে প্রথমে ১০ লাখ ও পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় তারা র্যাব ও পুলিশের শরণাপন্ন হয়।