অপহরণের পাঁচ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
অপহরণের পাঁচ দিন পর গোলাম ফারুক হোসেন (২৫) নামের এক কাপড় ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের অদূরে নগরপাড় বালুর মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। ফারুক উপজেলার উত্তর ত্রিশ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ফারুক হোসেন হত্যার প্রতিবাদে গতকাল শনিবার দিনভর কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। একই সঙ্গে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর রাতে কোম্পানীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী ও মেসার্স মা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ফারুক হোসেন ব্যবসায়প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে অপহূত হন। পরদিন তাঁর বাবা গোলাম মোস্তফা মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গত পাঁচ দিন চেষ্টা করেও পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি। গতকাল শনিবার সকালে নগরপাড় বালুর মাঠের বালুর স্তূপের মধ্যে ওই ব্যবসায়ীর মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা এসে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে গোলাম মোস্তফা মুরাদনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা করেছেন। মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার কানু বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনের আলামত নষ্ট করতেই ঘাতকেরা মাথা বিচ্ছিন্ন করে নিয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।