অপহরণের পাঁচ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
শরীয়তপুরে অপহূত হওয়ার পাঁচ দিন পর সাজু মিয়া (২৭) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার কামাড্ডা গ্রাম থেকে ডামুড্যা থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত সাজু মিয়া ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের সম্ভুকাঠি গ্রামের এমদাদুল শেখের ছেলে।সাজু মিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজু ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। ২ জানুয়ারি সম্ভুকাঠির গ্রামের বাড়িতে তাঁর স্ত্রী একটি পুত্রসন্তান জন্ম দেন। সন্তানকে দেখার জন্য ১১ জানুয়ারি বাড়িতে যান সাজু। ১৭ জানুয়ারি বিকেলে সাজুকে অপহরণ করা হয়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে ২০ জানুয়ারি সাজুর বাবা এমদাদুল শেখ ডামুড্যা থানায় তিনজনকে আসামি করে অপহরণ মামলা করেন। সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী গোসাইরহাট উপজেলার কামাড্ডা গ্রামের একটি খেতের পাশে সাজুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের পরিবারের অভিযোগ, পাশের বয়রা গজারিয়া গ্রামের মাহাবুব সরদার ও কামাড্ডা গ্রামের নাজিম শেখ ঢাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। সাজু বিষয়টি এলাকার মানুষকে অবহিত করেন। সাজুর গ্রামে আসার পর ১৭ জানুয়ারি মাহাবুব এবং নাজিমও গ্রামে আসে। ওই দিন তারা সাজুকে অপহরণ করে। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার রাতে সাজুকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটিতে পচন ধরেছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।