অপহরণের পাঁচ দিন পর সিরাজগঞ্জের ব্যবসায়ী মুক্ত
অপহরণের পাঁচ দিন পর সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় ফল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী ও তাঁর কর্মচারী ইউসুফ আলী মুক্তি পেয়েছেন। অপহরণকারীরা গত রোববার রাতে তাঁদের সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে রেখে যায়।
আবু বক্করের বরাত দিয়ে গতকাল সোমবার পুলিশ জানায়, গত বুধবার রাতে স্থানীয় মুকুন্দগাঁতী বাজারের ফলের দোকান বন্ধ করে ইউসুফকে নিয়ে ভ্যানে চড়ে উপজেলার বয়রাবাড়ী গ্রামে ফিরছিলেন তাঁরা। রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার সুবর্ণসারা পেট্রলপাম্পের কাছে পৌঁছালে র্যাব পরিচয়ে তাঁদের ভ্যানটির গতিরোধ করা হয়। পরে তাঁদের অস্ত্রের ভয় দেখিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। জোর করে জুস খাওয়ানো হলে তাঁদের চেতনাশক্তি লোপ পায়। অপহরণকারীরা তাঁদের চোখ বেঁধে অজ্ঞাত স্থানে আটকে রাখে এবং মারধর করে। রোববার রাতে মহাসড়কের পাশে রেখে যাওয়ার পর তাঁরা দুজন রিকশায় করে হাটিকুমরুল গোলচত্বরে যান। সেখান থেকে পুলিশের সহায়তায় বাড়ি পৌঁছান।