অপহরণের পাঁচ দিনেও উদ্ধার হয়নি
অপহরণের পাঁচ দিন পরও নোয়াখালী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী উদ্ধার হননি। এ ব্যাপারে তাঁর মা বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা করেছেন।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তিনি গত শুক্রবার মেয়েকে নিয়ে চাটখিল উপজেলা পরিষদ কমপ্লেক্সে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। পরদিন সন্ধ্যায় কমপ্লেক্সের ওই বাসা থেকে মা-মেয়ে রাস্তায় হাঁটতে বের হন। এ সময় চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মোহাম্মদ আলী তফাদারের ছেলে আলাউদ্দিন (২৫) ও তাঁর সঙ্গীরা মেয়েকে অটোরিকশায় তুলে নিয়ে পালিয়ে যান।আলাউদ্দিনের চাচা আবু মাসুদ দাবি করেন, মেয়ের সঙ্গে ছেলেটির সম্পর্ক ছিল। ইতিমধ্যে তাঁদের বিয়ে হয়ে গেছে। তবে অপহূত ছাত্রীর ভগ্নিপতি ছেলে ও মেয়ের মধ্যে কোনো সম্পর্ক থাকার কথা নাকচ করে দিয়ে বলেন, মায়ের সামনে থেকে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায় ওরা। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।