অপহরণের পাঁচ মাসেও উদ্ধার হননি ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ ইমরান
আসিফ ইমরান

রাজধানীর উত্তরা থেকে অপহৃত হওয়ার পাঁচ মাসেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইমরানকে (১৯) উদ্ধার করতে পারেনি পুলিশ।
গত বছরের ৭ অক্টোবর উত্তরার ১২ নম্বর সেক্টরের বাসা থেকে ইমরানকে তাঁর বন্ধু গোলাম মোস্তফা ডেকে নিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি। ইমরান রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি এআইইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, ইমরানকে অপহরণের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর ইসলামের জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এজাহারভুক্ত ওয়ার্ড কাউন্সিলরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিন মাস আগে দুজনের জামিন হয়েছে। পুলিশ ইমরানকে উদ্ধারের চেষ্টা করছে।
ইমরানের বাবা লুৎফর রহমান প্রথম আলো কার্যালয়ে এসে অভিযোগ করেন, গোলাম মোস্তফার যোগসাজশে ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন মুক্তিপণের জন্য তাঁর ছেলেকে অপহরণ করে আটকে রেখেছেন। এজাহারভুক্ত এক আসামি সশরীরে এসে ও মুঠোফোনে গত অক্টোবরে তাঁর পরিবারের কাছে দুই দফায় ১০ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গোলাম মোস্তফা ইমরানের বন্ধু হলেও তিনি অপহরণকারী চক্রের সদস্য। তিনি বলেন, পাঁচ মাসেও ইমরানকে ফিরে না পেয়ে ইমরানের মা অসুস্থ হয়ে পড়েছেন। একমাত্র ছেলেকে ফিরে পেতে তিনি (বাবা) দিনের পর দিন পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় ইমরানের মা ও বাবা হজ পালনের জন্য সৌদি আরবে ছিলেন। ইমরান বাসায় ফিরে না আসায় দুই দিন পর ৯ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ঘটনায় অপহরণের মামলা করতে গেলে উত্তরা পশ্চিম থানা প্রথমে মামলা নেয়নি। পরে আদালতের নির্দেশে ১ নভেম্বর থানা ওয়ার্ড কাউন্সিলর আলমগীরসহ চারজনের বিরুদ্ধে মামলা নেয়। মামলার বাদী ইমরানের বাবা লুৎফর রহমান।
পুলিশ জানায়, মামলাটি প্রথমে উত্তরা পশ্চিম থানার পুলিশ তদন্ত করে। পরে তদন্তভার হস্তান্তর করা হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। ওয়ার্ড কাউন্সিলর আলমগীর, গোলাম মোস্তফা ও মো. শাকিল গত বছরের অক্টোবর ও নভেম্বরে গ্রেপ্তার হওয়ার পর এখন কারাগারে। গোলাম মোহাম্মদ কালু ও রিয়াজুল ইসলাম জামিনে আছেন। কিছুদিন আগে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আতাউর রহমান চৌধুরী গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মোস্তফা ও শাকিল গত বছরের নভেম্বরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা আদালতকে বলেন, ইমরান ওয়ার্ড কাউন্সিলর আলমগীরের হেফাজতে আছেন। এই জবানবন্দির ভিত্তিতে কয়েক দিন আগে রাফসান জানি আকাশ নামের আরেকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামিদের জবানবন্দি, মুঠোফোনের তালিকা ও পারিপার্শ্বিক তদন্তে জানা গেছে, ইমরান গত বছরের ৭ অক্টোবর নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর আলমগীরের হেফাজতে ছিলেন। এখনো ইমরান আলমগীরের লোকদের কাছেই আছেন। তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে।