অপহরণের প্রমাণ মেলেনি পুলিশের তদন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরহাদ মজহার
ফরহাদ মজহার

ফরহাদ মজহার আদালতে যে জবানবন্দি দিয়েছেন, তার সঙ্গে পুলিশের তদন্ত মিলছে না। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত যেসব তথ্য-উপাত্ত পুলিশের হাতে এসেছে, তাতে ফরহাদ মজহার অপহরণের শিকার হয়েছিলেন বলে যে অভিযোগ করেছিলেন, তার কোনো প্রমাণ তাঁরা পাননি।

গতকাল বুধবার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘ফরহাদ মজহার অপহৃত হননি। তিনি স্বেচ্ছায় ঢাকা ছেড়েছিলেন।’

প্রায় একই রকম বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপি সদর দপ্তরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফরহাদ মজহারের অপহরণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি সাক্ষী হিসেবে আদালতে যে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন, বস্তুত সাক্ষ্য-প্রমাণের সঙ্গে তার কোনো মিল নেই। তদন্তে ফরহাদ মজহারের ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং কল লিস্ট পাওয়া গেছে। দু-এক দিনের মধ্যেই সব তথ্য জাতিকে জানানো হবে।’

এদিকে ফরহাদ মজহারও দু-এক দিনের মধ্যে তাঁর অবস্থান জানাবেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ফরিদা আখতার। গতকাল বিকেলে বারডেম হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ফরহাদ মজহার। চিকিৎসকদের বরাত দিয়ে ফরিদা আখতার বলেন, এখন তাঁর অ্যাকিউট স্ট্রেস ডিজঅর্ডার (প্রচণ্ড মানসিক চাপ) ছাড়া আর কোনো সমস্যা নেই।

৩ জুলাই ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৮ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বাস থেকে তাঁকে নামিয়ে আনে।

জবানবন্দির যেখানে অসংগতি

ফরহাদ মজহার বলেছেন, তিনি ওষুধ কেনার জন্য ভোরবেলা বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পরই তাঁকে সাদা রঙের একটি মাইক্রোবাসে অপহরণকারীরা তুলে নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাঁকে উদ্ধার করে, তখন তাঁর সঙ্গে ব্যাগ ছিল। ব্যাগে হালকা কিছু কাপড় ও মুঠোফোনের চার্জার ছিল। তাঁর সামনেই পুলিশ জব্দ তালিকা তৈরি করে। ব্যাগ ও ব্যাগের ভেতর থাকা জিনিস সবই যে তাঁর, সে বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন। ওষুধ কিনতে যাওয়ার সময় ব্যাগ নিয়ে যাওয়ার কোনো কারণ ফরহাদ মজহার দেখাতে পারেননি।

পুলিশ জানায়, ঘটনার দিন রাতে সংবাদ সম্মেলনে ফরিদা আখতার ও পরে পুলিশ জানায়, ৩ জুলাই ফরহাদ মজহার যে মুঠোফোনটি নিয়ে বের হন, সেটি তিনি সাধারণত ব্যবহার করতেন না। ওই নম্বর থেকে ফোন করেই তিনি স্ত্রীকে মুক্তিপণের জন্য ৩৫ লাখ টাকা জোগাড় করার কথা বলেন। যে ১৮ ঘণ্টা ফরহাদ মজহার অপহৃত ছিলেন, সে সময়ের মধ্যে তিনি একাধিকবার তাঁর স্ত্রী ও অপর এক নারীর সঙ্গে ওই নম্বর থেকেই কথা বলেন ও খুদে বার্তা দেন। এসব রেকর্ডই পুলিশ সংগ্রহ করেছে।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র বলছে, নিখোঁজ থাকার সময় ফরহাদ মজহার তাঁর স্ত্রীকে বলেন, ৩৫ লাখ টাকা একটা ব্যাগে সরিয়ে রাখতে এবং সবাইকে বলতে যে তিনি মুক্তিপণের টাকা দিয়ে দিয়েছেন। এ ছাড়া ওই দিন তিনি ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল মানি ট্রান্সফার সিস্টেম ‘রকেট’ ব্যবহার করে ১৫ হাজার টাকা পাঠান অপর এক নারীকে। যে দোকান থেকে টাকা পাঠানো হয়েছে, সেটিও পুলিশ চিহ্নিত করেছে।

ফরহাদ মজহার তাঁর জবানবন্দিতে বলেছেন, অপহরণকারীরা তাঁর চোখ বেঁধে মাইক্রোবাসে তোলে। সন্ধ্যা সাতটা নাগাদ তারা তাঁর চোখ খুলে খুলনায় ছেড়ে দেয়। তবে খুলনা নিউমার্কেট থেকে পুলিশ যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, সেখানে দেখা যাচ্ছে বিকেল চারটার দিকে তিনি সেখানে ঢুকছেন। ফরহাদ প্রায় তিন ঘণ্টা সেখানে অবস্থান করেন।

সিসিটিভি ফুটেজ সম্পর্কে জানতে চাইলে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি যখন ঘটে তখন আমি তাঁর সঙ্গে ছিলাম না। আমি তাঁর কাছ থেকে শুনে বলতে পারি। তবে তা ঠিক হবে বলে মনে করি না। তিনি দু-এক দিনের মধ্যেই বিবৃতি দেবেন। কী ঘটেছে সেটা তাঁর মুখ থেকে শোনাই ভালো হবে।’

যেসব প্রশ্নের উত্তর এখন মেলেনি

ফরহাদ মজহার খুলনা নিউমার্কেটে ঘুরেছেন একাই। হোটেলে ভাত খেয়েছেন এবং নিজেই টিকিট কেটেছেন। কিন্তু তিনি খুলনায় কী বাহনে পৌঁছেছেন, সে বিষয়ে এখনো জানতে পারেনি পুলিশ। অপহরণের অভিযোগ ওঠার পরপরই পুলিশ শ্যামলীর আদাবর থেকে শুরু করে আশপাশের সব কটি সিসি ক্যামেরায় ধারণ করা শতাধিক ফুটেজ সংগ্রহ করে। একটা ফুটেজে একটি মাইক্রোবাসের সামান্য অংশ দেখা যায়। তাই পুলিশ ধারণা করেছিল, ফরহাদ মজহার হয়তো মাইক্রোবাসে করে খুলনায় পৌঁছান। তবে গতকাল পর্যন্ত কোনো মাইক্রোবাস খুঁজে পাওয়া যায়নি। পুলিশ খুলনা-যশোরগামী সব বাসের টিকিট সংগ্রহ করছে ও এখন মিলিয়ে দেখছে।

পুলিশ বলছে, পরিবার থেকে বলা হয়েছে ফরহাদ মজহার কথা বলার মতো সুস্থ অবস্থায় নেই। সে কারণে তাঁর সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা এসব নিয়ে এখনো কথা বলেননি। একবার কথা বললেই বাকি তথ্যও পাওয়া যাবে বলে তাঁদের ধারণা।

বিবিসি বাংলা জানায়, লেখক ফরহাদ মজহারের অপহরণের ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পুলিশ আদালতে দেওয়া তাঁর জবানবন্দি নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ বলছে, তদন্তে তারা এমন কিছু তথ্য পেয়েছে, যার সঙ্গে ফরহাদ মজহারের আদালতে দেওয়া জবানবন্দির সঙ্গে কোনো মিল পাচ্ছে না। তবে তাঁর পরিবার বলছে, অপহরণের তদন্ত না করে পুরো ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।

 ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার বিবিসি বাংলাকে বলেন, ‘উনি আমাকে জানিয়েছেন তাঁকে ধরে নিয়ে যাচ্ছে। অপহরণ হয়েছে সে সব লক্ষণ আছে। মেরে ফেলবে বলে হুমকি। টাকার কথা বলা। সারা দিন ধরে আমি যত ফোন পেয়েছি, যত মেসেজ (খুদে বার্তা) পেয়েছি সব পুলিশকে সাথে সাথে জানিয়েছি। কারণ, তারা আমাদের ওখানে বসেছিলেন। ফোনটা তো তারা ট্র্যাক (অনুসরণ) করছে।...এখন সেই পার্টিকুলার ঘটনার তদন্ত না করে অন্য দিকের তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করা হচ্ছে। এতে মনে হচ্ছে, এখানে যে একটি অপহরণের ঘটনা আছে, অপহরণ হয়েছে তা আর দেখা হচ্ছে না। ওইখানেও তো ধরতে পারত, তাহলে তো বের হতো এটা অপহরণ কি না?’