
নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা ও লাশ গুমচেষ্টার বিষয়টি খসড়া অভিযোগপত্রে এলেও তাকে অপহরণ ও অপহরণের সঙ্গে জড়িতদের বিষয়টি উল্লেখ করা হয়নি। ত্বকী হত্যা মামলাটি র্যাব তদন্ত করছে।
২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সেদিন রাতেই তাকে হত্যা করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়। এই হত্যা মামলার তদন্ত শেষে র্যাব খসড়া অভিযোগপত্র তৈরি করে। এতে ৬ মার্চ রাত নয়টার দিকে ত্বকীকে চাষাঢ়ার সরকারি শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে হত্যা ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে প্রমাণ পেয়েছে র্যাব। তবে বিকেল চারটার দিকে বাসা থেকে বের হওয়ার পর ত্বকী রাত নয়টা পর্যন্ত কোথায় ছিল, সে বিষয়টির উল্লেখ নেই। র্যাবের একজন কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা জানেন। তাঁর দাবি, খসড়া অভিযোগে এ বিষয়টি উল্লেখ না করা একটি কৌশল।
অপহরণ অংশ বাদ দিয়ে খসড়া অভিযোগপত্র করা হলেও তা চূড়ান্ত করে এখনো আদালতে জমা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়া অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে ১১ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নামও রয়েছে। এই ১১ জনের ৯ জনই বিদেশে পালিয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে। একজন কারাগারে আছেন। অপর একজনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
র্যাব-১১-এর অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, গুরুত্বপূর্ণ এই মামলার সব দিক নিয়ে তদন্ত চলছে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।
পুলিশ, ডিবি (গোয়েন্দা) পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অপহরণের দুই দিন আগে থেকেই ত্বকীর গতিবিধি লক্ষ্য রাখছিলেন ইউসুফ হোসেন লিটন নামে একজন। খসড়া অভিযোগপত্রে তাঁর নাম আছে। তিনি কারাগারে আছেন। ত্বকী ৬ মার্চ বিকেল চারটার দিকে বাসা থেকে বের হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বিপরীত পাশের ফুটপাত ধরে যাচ্ছিল। গন্তব্য ছিল সম্ভবত চাষাঢ়া মোড়। সায়াম প্লাজার সামনে গেলে ক্যাঙ্গারু পারভেজ নামে স্থানীয় এক ক্যাডার তাকে টেনে ওই মার্কেটে নিয়ে যায়। সেখান থেকে তিনতলায় একটি অফিস কক্ষে নেওয়া হয়। ক্যাঙ্গারু পারভেজ এখন ‘নিখোঁজ’। খসড়া অভিযোগপত্রে তার নাম নেই।
নাম প্রকাশ না করার শর্তে সায়াম প্লাজার দুজন ব্যবসায়ী জানান, তাঁরা সেদিন (৬ মার্চ ২০১৩) বিকেলে ক্যাঙ্গারু পারভেজকে একটি ছোট ছেলেকে টেনে তিনতলায় একটি কার্যালয়ে নিতে দেখেছেন। তবে তখন তাঁরা ত্বকীকে চিনতেন না। লাশ উদ্ধারের পর ত্বকীর ছবি পত্রিকায় ছাপা হলে তাঁরা নিশ্চিত হন, ওই ছেলেটিই ছিল ত্বকী। বিষয়টি তখন তাঁরা র্যাবের এক কর্মকর্তাকেও জানিয়েছিলেন।
ত্বকী হত্যা মামলার বাদী তার বাবা রফিউর রাব্বী প্রথম আলোকে বলেন, পুরো তদন্তকে তিন ভাগ করে এগোচ্ছিল র্যাব। অপহরণ, হত্যা ও লাশ নদীতে ফেলা। কিন্তু দেখা গেল, হত্যা ও লাশ নদীতে ফেলা সম্পর্কে প্রমাণের ভিত্তিতে র্যাব একটি সিদ্ধান্তে এসেছে। সে অনুযায়ী তারা খসড়া অভিযোগপত্রে জড়িত লোকদের চিহ্নিত করেছে। কিন্তু অপহরণের পর ত্বকী কোথায় ছিল, কারা এর সঙ্গে জড়িত ছিল, তা খোঁজা হয়নি। তিনি অভিযোগ করেন, অপহরণের সঙ্গে নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবারের আরও কেউ কেউ জড়িত থাকায় এ বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
১১ জনের মাত্র একজন কারাগারে: ত্বকী হত্যা মামলার খসড়া অভিযোগে নাম থাকা অপর ১০ জন হলেন রাজীব, কালাম শিকদার, মামুন, অপু, কাজল, শিপন, জামশেদ হোসেন, ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ওরফে ভ্রমর ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকি। এর মধ্যে লিটন ছাড়া বাকিরা পলাতক। ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। গত বছরের ৬ মার্চ খসড়া অভিযোগপত্র চূড়ান্ত করার পর ১৩ মার্চ উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। এর পর থেকে তিনি পলাতক। কালাম শিকদারের কোনো খোঁজ নেই।
র্যাব-১১-এর অধিনায়ক আনোয়ার লতিফ বলেন, ভ্রমরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।