অপহরণের শিকার ছাত্রী ৭ মাসেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) অপহরণের শিকার এক ছাত্রীকে (১৬) প্রায় সাত মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা করায় উল্টো সন্দেহভাজন অপহরণকারীর লোকজন মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ওই ছাত্রীর বাড়ি সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি গ্রামে। এটিআইয়ের প্রথম বর্ষে পড়ুয়া মেয়েটি গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ফটক থেকে অপহরণের শিকার হয়। এর মাত্র কয়েক মাস আগে সেখানে ভর্তি হয়।
ছাত্রীর মা ও বাবা প্রথম আলোকে বলেন, অনেক আশা নিয়ে মেয়েকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভর্তি করিয়েছিলেন। কিন্তু ভর্তির কয়েক মাসের মাথায় সে অপহরণের শিকার হয়। নিজ গ্রামের প্রতিবেশী যুবক প্রদীপ দাস (২৩) এ ঘটনায় জড়িত। প্রদীপ তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি তাঁরা।
ছাত্রীর মা-বাবা বলছেন, ঘটনার পর বিষয়টি তাঁরা অভিযুক্ত প্রদীপ দাসের পরিবারকে জানিয়েছিলেন। কিন্তু তারা সহযোগিতা করার পরিবর্তে উল্টো ক্ষিপ্ত হয়। উপায় না পেয়ে বেগমগঞ্জ থানায় অপহরণের মামলা করেন তাঁরা। এরপর থেকে প্রদীপের পরিবারের সদস্যরা তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ওই ছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলা তদন্তে তাঁরা বেশ এগিয়েছেন। এ ঘটনায় জড়িত প্রদীপ দাস ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। কিন্তু আসামিদের অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। এর ফলে ঘটনার শিকার মেয়েটিকে উদ্ধার ও আসামি গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।