অপহরণের সময় পিটুনিতে একজন নিহত, আহত ২
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকা থেকে কলেজছাত্রীকে ঘর থেকে তুলে নেওয়ার চেষ্টার সময় পিটুনিতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাকপুরা চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।নিহত সালাউদ্দিন (২৩) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের বাইঘ্যারটেক এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার আবু ছালেহ (২৫) ও অটোরিকশাচালক পূর্ব গোমদণ্ডী ইউনিয়নের শাহ মোহাম্মদ চৌধুরীপাড়ার তারেক (২৫)।এ ঘটনায় কলেজছাত্রীর বড় ভাই মো. সোলায়মান ১১ জনের নামে থানায় মামলা করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, নিহত সালাউদ্দিন তাঁর বোনকে কলেজে আসা-যাওয়ার সময় উত্ত্যক্ত ও বিয়ের প্রস্তাব দিতেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি দলবল নিয়ে তাঁর বোনকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ছাড়া বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম জিলানি অজ্ঞাতনামা ৭০০-৮০০ মানুষের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ইফতারির আগমুহূর্তে পশ্চিম গোমদণ্ডীর আবুল হাসেমের বাড়িতে সিএনজিচালিত নম্বরবিহীন দুটি অটোরিকশায় করে ছয় যুবক ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করেন এবং আবুল হাসেমের কলেজ পড়ুয়া মেয়েকে মুখে টেপ লাগিয়ে তুলে নেওয়ার চেষ্টা করেন।