অপহরণের সাত দিন পর মুক্তি পেলেন দোকান কর্মচারী মহিউদ্দিন আহাদ। গত শুক্রবার ভোরে তাঁকে মিরপুর এলাকায় ছেড়ে দেওয়া হয়।
মুক্ত আহাদ প্রথম আলোকে বলেন, ‘সকালে একটি গাড়ি আমাকে মিরপুর ১০ নম্বরে নামিয়ে দেয়। মনে হলো নতুন জীবন ফিরে পেলাম।’
৬ মার্চ ভোরে র্যাব পরিচয়ে একদল ব্যক্তি চিড়িয়াখানা সড়কের বাসা থেকে ২৬ বছরের এই যুবককে অপহরণ করে নিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরনা দিয়েও কোনো প্রতিকার না পেয়ে আহাদের বাবাসহ স্বজনেরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে গত বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, র্যাব এ নামে কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। এ ধরনের ঘটনার সঙ্গে র্যাবের কোনো সংশ্লিষ্টতা নেই।
গুলশানের একটি দোকানের কর্মচারী আহাদ গতকাল সকালে বলেন, ৬ মার্চ ভোর পাঁচটার দিকে একদল লোক তাঁর বাসার দরজার কড়া নাড়েন। তাঁর বাবা দরজা খুলে দিলে তাঁরা হুড়মুড় করে ঢুকে পড়েন। দুজনের পরনে র্যাবের পোশাক ছিল। হাতে র্যাব লেখা ছিল। অন্যরা সাধারণ পোশাকে ছিলেন। তাঁরা বাড়িতে ঢুকে তাঁকে প্যান্ট পরতে বলে মুঠোফোনটি কেড়ে নেন। অপহরণকারীরা পেছন থেকে দুই চোখ বেঁধে গাড়িতে তোলেন। এক থেকে সোয়া ঘণ্টা পর গাড়ি থেকে নামিয়ে একটি ঘরে ঢোকানো হয়। আট দিন চোখ বেঁধে হাতকড়া পরানো অবস্থায় তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়। মাঝেমধ্যে গাড়িতে করে এদিক-সেদিক নিয়ে যাওয়া হতো। বাথরুমে যাওয়া ও খাওয়ার সময় হাতকড়া খুলে দেওয়া হয়। কিন্তু চোখ বাঁধাই ছিল। অপরাধ কী, কেন ধরে আনা হয়েছে—জানতে চাইলে ধমক দিয়ে কথা বলতে নিষেধ করা হতো।
আহাদ বলেন, ‘শুক্রবার ভোরে যখন আমাকে গাড়িতে তোলা হয় মনে করেছি, আবার নতুন কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কিছু সময় গাড়ি চলার পর আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ফেরত দেওয়া হয় মোবাইল ফোন। চোখ খুলে দিয়ে পেছনে না তাকিয়ে আমাকে সামনের দিকে যেতে বলা হয়। এ সময় মনে হয়েছে, পেছন থেকে গুলি করে আমাকে মেরে ফেলা হবে। চোখ খুলে দেখি, পাশে কেউ নেই। আর জায়গাটি মিরপুর ১০ নম্বর বেনারসিপল্লির সড়কে ঢোকার মোড়। সেখান থেকে রিকশা করে বাসায় আসি।’
আহাদের বাবা শেখ আবুল হোসেন বলেন, ছেলে ফিরে পেয়েছেন, এর চেয়ে আনন্দের আর কী থাকতে পারে। কিন্তু তার পরও আতঙ্কে আছেন তাঁরা।
শাহ আলী থানার পুলিশ জানায়, বাসা থেকে তুলে নেওয়ার পর আহাদের মা আমেনা বেগম একটি অপহরণের মামলা করেন। এতে বলা হয়, সাত-আটজন লোক প্রশাসনের লোক পরিচয়ে আহাদকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এর সঙ্গে দোকানের মালিক রফিক যুক্ত। রফিকের দোকানেই চাকরি করতেন আহাদ।