অপহরণের সাত দিন পর শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থেকে এক শিশুকে অপহরণের ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
১৩ অক্টোবর সাতকানিয়ার নিজ বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করা হয়। সে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গা দুদু মিয়া, খুইল্যা মিয়া ও আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুদু ও খুইল্যা সহোদর।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, সাতকানিয়ার রসুলাবাদ এলাকায় ওসমান গণি চৌধুরী নামের এক ব্যক্তির মাছের খামারে চার মাস আগে চাকরি নেন নুর আলম নামের মিয়ানমারের এক নাগরিক। তখন তিনি নিজেকে কক্সবাজারের বাসিন্দা পরিচয় দেন। ১৩ অক্টোবর ওসমান গণির শিশুপুত্রকে অপহরণ করেন নুর আলম। এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করা হয়।
পুলিশ সুপার বলেন, শিশুটির মুক্তিপণ বাবদ নুর আলম চার লাখ টাকা দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া হয়। নুর আলম শিশুটিকে দুদু মিয়া ও খুইল্যা মিয়ার উখিয়ার বাসায় নিয়ে আটকে রাখেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার কক্সবাজারের উখিয়া থেকে তিনজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, শিশুটিকে মিয়ানমার সীমান্তে নিয়ে রেখেছেন নুর আলম। মুক্তিপণের টাকা নিতে শিশুটিকে মঙ্গলবার সন্ধ্যায় তমব্রু এলাকায় নিয়ে আসা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে রেখে নুর আলম পাহাড়ে পালিয়ে যান।
হাফিজ আক্তার বলেন, রোহিঙ্গারা চট্টগ্রাম নগর ও জেলায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। খুন, ডাকাতি, মানব পাচার, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ করে মিয়ানমার সীমান্ত দিয়ে পালিয়ে যায়। এ জন্য কোনো লোককে চাকরি দেওয়ার আগে নাম-ঠিকানা যাচাই-বাছাই করতে সবাইকে অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে শিশুটির বাবা ওসমান গণি বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন নুর আলম। যে কারণে তাঁর প্রকৃত পরিচয় বোঝা যায়নি।
গ্রেপ্তার তিন আসামি সাংবাদিকদের বলেন, বছর খানেক আগে তাঁরা কক্সবাজারের উখিয়ায় আসেন। শিশুটিকে অপহরণে নুর আলম জড়িত বলে তাঁরা স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভুইয়া ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খোন্দকার।