অপহরণের সাত দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জে অপহরণের সাত দিন পর গত বুধবার সন্ধ্যায় আরমান আলীর (১০) গলিত লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে। এ ঘটনায় পুলিশ নিহত শিশুর মামি রাশিদা বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আরমান আলী সদর উপজেলার ঝাউল গ্রামের বাসিন্দা মালয়েশিয়াপ্রবাসী মোতালেব হোসেনের ছেলে। সে মায়ের সঙ্গে বাঐতারা গ্রামে নানা রহমত কবিরাজের বাড়িতে থেকে বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করত। ৩ অক্টোবর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। বুধবার তার গলিত লাশ একই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল বারিক জানান, অপহূত হওয়ার পর আরমানের চাচা আবদুল করিম প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার ভোরে রাশিদা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ রাশিদাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি আরমানকে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাঁর কথামতো সেপটিক ট্যাংক থেকে সন্ধ্যা সাতটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী, রাশিদাসহ কয়েকজন আরমানকে অপহরণ করে একই গ্রামের ওয়াদুদের বাড়িতে আটকে রাখেন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আরমানের চাচা করিমের কাছ থেকে চার হাজার টাকা নেন। তার পরও তাকে ফেরত না দিলে বিষয়টি নিয়ে নানা কানাঘুষা শুরু হয়। আরমানকে মুক্তি দিলে বিষয়টি জানাজানি হয়ে যাবে—এই চিন্তা থেকে দুই দিন পর রাশিদার ঘরে আরমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশে কেরোসিন ও মবিল লাগিয়ে বস্তায় ভরে গ্রামের এক ইউপি সদস্যের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেওয়া হয়। গ্রামবাসী জানান, আরমানের বাবা মোতালেব হোসেন ও রাশিদার স্বামী আলী আকবার দুজনই মালয়েশিয়ায় কর্মরত। রাশিদার সঙ্গে একই গ্রামের ওয়াদুদের পরকীয়া প্রেমের অভিযোগে কয়েকবার বিচার-সালিস হয়েছে। ওয়াদুদের বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগও রয়েছে। রাশিদার সঙ্গে আরমানের মা আর্জিনার সম্পর্কের অবনতি হওয়ায় শ্বশুর রহমত আলীর বাড়ি থেকে সামান্য দূরে বাড়ি করে বসবাস করতেন রাশিদা।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, রাশিদা ও ওয়াদুদ দুজন মিলে আরমানকে অপহরণ ও হত্যা করেছেন। টাকার লোভে, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে নিহত শিশুর মা আর্জিনা বেগম সদর থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।