অপহরণের সাত দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার
বগুড়ার শেরপুরে অপহরণের সাত দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার সীমাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. রিপন নামের এক যুবক ও তাঁর দুই সহযোগীকে আসামি করে থানায় মামলা করেছেন ছাত্রীটির বাবা।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ঢাকায় যাওয়ার জন্য রিপন ওই ছাত্রীকে নিয়ে সীমাবাড়ী বাসস্ট্যান্ডে আসেন। এ সময় পুলিশ সদস্যদের দেখে রিপন পালিয়ে যান। পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে থানায় নেয়। ওই ছাত্রীর বাবার বাড়ি নন্দীগ্রাম উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে। সে শেরপুরের একটি বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় বৃহস্পতিবার মো. রিপনসহ তিন যুবককে আসামি করে ছাত্রীর বাবা থানায় একটি অপহরণ মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ৩ সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে রিপনসহ তিন যুবক জোর করে মেয়েটিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
ছাত্রীর বাবা গতকাল বলেন, ‘বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে রিপন (২২) প্রায়ই উত্ত্যক্ত করত। রিপনের অভিভাবকদের জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বিদ্যালয়ে যাওয়ার পথে রিপন ও তাঁর সহযোগীরা তাকে জোর করে তুলে নিয়ে যায়। রিপনের অভিভাবকের কাছে বিষয়টি জানালে মেয়েকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। অপেক্ষা করেও কোনো ফল মেলেনি। শেষ পর্যন্ত মেয়েকে না পেয়ে থানা-পুলিশের দ্বারস্থ হয়েছি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ছাত্রীটিকে শনিবার (আজ) আদালতে নেওয়া হবে। পরে তার ডাক্তারি পরীক্ষা হবে। আদালতের নির্দেশক্রমে তাকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ঘটনায় রিপনসহ এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।