অপহরণের সাত দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের সাত দিন পর চট্টগ্রামের পটিয়া আর্দশ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম ওরফে অপুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে নয়াহাট এলাকা থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।
আশরাফুল পটিয়া উপজেলার হাবিলাসন্দ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের মোহামঞ্চদ ইদ্রিচের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গত ২৫ জানুয়ারি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন দক্ষিণ হুলাইন গ্রামের শাহাদত হোসেন ওরফে তুষার (১৯) ও সাজ্জাদ হোসেন (১৯)। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, একটি মেহেদি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় আশরাফুল। কিন্তু রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে। ২০ জানুয়ারি আশরাফুলের মুঠোফোন থেকে ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার মায়ের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে আশরাফুলকে হত্যার হুমকি দেয় তারা। পরে পরিবারের লোকজন অপহরণকারীদের কথামতো বিভিন্ন স্থানে গিয়েও তাকে ফেরত পায়নি। ২৫ জানুয়ারি আশরাফুলের বাবা ইদ্রিচ মিয়া অপহরণের অভিযোগে পটিয়া থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ইদ্রিচ মিয়া বলেন, ‘তাদের (অপহরণকারী) কথামতো অনেক স্থানে গিয়েছি। সর্বশেষ গত রোববার রাত নয়টার দিকে তারা নতুন ব্রিজের পাশে আশরাফুলের মাকে টাকা নিয়ে যেতে বলে। সেই দিনও পাঁচ লাখ টাকা নিয়ে রাত ১১টা পর্যন্ত সেই এলাকায় অপেক্ষা করেছি। কিন্তু কেউ আসেনি।’
মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পুলিশকে মুঠোফোনে জানায়, নয়াহাট এলাকায় মাটির নিচে আশরাফুলের লাশ আছে। পরে রাত পৌনে ১২টার দিকে একটি গর্তের ভেতরে মাটি ও বালুচাপা দেওয়া অবস্থায় আশরাফুলের গলিত লাশ উদ্ধার করা হয়। তার বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, অপহরণের পরপরই আশরাফুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।