অপহরণের সাত দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুবড়া গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণের সাত দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। উপরন্তু, এ ঘটনায় হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর তালোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় কয়েকজন যুবক পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ইউপি চেয়ারম্যানসহ ওই গ্রামের ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুবড়া গ্রামের একটি হিন্দু পরিবারের মেয়ে (১২) ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে একই গ্রামের দুলাল হোসেনের ছেলে আলামিন (১৮) উত্ত্যক্ত করতেন। ৫ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে আলামিন ও তাঁর কয়েকজন সহযোগী ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। রাতে ওই ছাত্রীর বাবা অপহরণের অভিযোগে আলামিন, তাঁর বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ পরের দিন অভিযান চালিয়ে মামলার আসামি দুলাল হোসেনকে গ্রেপ্তার করে। কিন্তু এ সময় কিছু উচ্ছৃঙ্খল যুবক ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশের কাছ থেকে দুলালকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় হওয়া মামলায় আসামি করা হলেও চেয়ারম্যান দাপ্তরিক কাজ করছেন।ওই ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে মাঝেমধ্যে মুঠোফোনে তাঁদের সঙ্গে কথা বলে। তবে সে কোথায় আছে জানতে চাইলেই অপর প্রান্ত থেকে লাইন কেটে দেওয়া হয়।তালোড়া ইউপি চেয়ারম্যান আবদুল মালেক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমাকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে। মেয়েটিকে উদ্ধারে আমি সহায়তা করব।’মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, অপহরণের শিকার ছাত্রী মুঠোফোনের যে নম্বর থেকে কথা বলেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। পলাতক থাকায় অপহরণের অভিযোগে হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না।বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আশরাফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান আসামি হওয়ার পর কীভাবে অফিস করছেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছি।’