অপহরণের সাত দিন পরও সন্ধান মেলেনি পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) অপহরণের সাত দিন পরও উদ্ধার করা যায়নি। এ ঘটনায় গতকাল শুক্রবার শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মেয়েটি উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।মামলার এজাহার থেকে জানা যায়, মেয়েটি গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পার্শ্ববর্তী গ্রাম থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অপহূত হয়। ফতুল্লা থানার নবীনগর এলাকার আলী আকবর মিয়ার ছেলে রুবেল (২৫) ও তাঁর সঙ্গীরা তাকে অপহরণ করে।মেয়ের বাবার অভিযোগ, রুবেলদের পরিবারের সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ আছে। এরই জের ধরে তাঁর মেয়েকে অপহরণ করা হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে শেষ পর্যন্ত মামলা করেছেন তাঁরা।এদিকে রুবেলের বাবা আলী আকবর মিয়া জানান, মেয়েটির পরিবারের সঙ্গে কোনো বিরোধ নেই তাঁদের। ছেলে যদি অন্যায় করে থাকে, তিনি নিজেও এর বিচার চান। তবে ছেলে কোথায় আছে, তা তিনি জানেন না। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। আসামিরা পলাতক রয়েছে।