অপহরণের ১০ ঘণ্টা পর চালককে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে অপহরণের ১০ ঘণ্টা পর পিকআপ ভ্যানের এক চালককে উদ্ধার করেছে পুলিশ৷ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে৷ গত বুধবার রাতে শহরের গোয়ালচামট এলাকায় এ ঘটনা ঘটে৷
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার বেলা তিনটার দিকে সদর উপজেলার বাখুন্ডা সেতুর কাছে পাঁচ ব্যক্তি উপজেলার হাবেলী দয়ারামপুর গ্রামের পিকআপ ভ্যানের চালক বজলু মল্লিককে (২৫) অপহরণ করেন৷ অপহরণকারীরা বজলুর মায়ের কাছে মুঠোফোনে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করেন৷ তিনি কিছু টাকা নিয়ে অপহরণকারীদের নির্ধারিত জায়গায় গেলেও কাউকে পাননি৷ পরে তিনি বিষয়িট পুলিশকে জানান৷
কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত একটার দিকে গোয়ালচামট নতুন বাজার এলাকার একটি বাড়ি থেকে অপহৃত বজলুকে উদ্ধার করা হয়৷ এ সময় দয়ারামপুর গ্রামের আবু নাঈম (২২) ও কাফুরা গ্রামের নিরু খানকে (২৬) গ্রেপ্তার করা হয়৷ নাঈম ও নিরুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন বজলুর মা৷
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, নাঈম ও নিরুর পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়৷