অপহরণের ১০ দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১০ দিন পর এক শিশুকে গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের মনসুরাবাদ এলাকার একটি বাসা থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, টাইগারপাস বাটালি হিল এলাকার বাসিন্দা শাহ আলমের ১০ বছর বয়সী ছেলে মো. শরীফ হোসেনকে গত ১৯ ফেব্রুয়ারি বাসার সামনে থেকে অপহরণ করা হয়। শরীফ পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। দুই দিন পর শাহ আলমের কাছে মুঠোফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। কথামতো ছেলেকে ফিরে পেতে ওই দিন বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দেন শাহ আলম। দিনমজুর শাহ আলম ঋণ নিয়ে মুক্তিপণের টাকা দিয়ে ছেলেকে ফিরে না পেয়ে ২৩ ফেব্রুয়ারি খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরেবিষয়টি গোয়েন্দা পুলিশকে জানানো হয়।
মো. কামরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাটালি হিল এলাকা থেকে প্রথমে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে মনসুরাবাদ এলাকায় তাঁর বাসায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর দুই স্ত্রী ফারজানা আক্তার ও বিথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার বলেন, গ্রেপ্তার আনোয়ার পোশাক কারখানার শ্রমিক। তিনি তিনটি বিয়ে করেন। অপহৃত শিশুটি তাঁর প্রতিবেশীর ছেলে। মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণ করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন আনোয়ার।