অপহরণের ১০ দিন পর সিবিএ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১০ দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনের (৩২) গুলিবিদ্ধ লাশ গত বুধবার উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদনগর চৌকিরঘাট এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তির বড় ভাই রায়হানউদ্দিন লাশ শনাক্ত করেন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে শোক র‌্যালি বের করা হয়। এতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বাদ জোহর হাসপাতাল ক্যাম্পাসে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে আব্রাহাম লিংকনের লাশ দাফন করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, বুধবার সকাল ১০টার দিকে মোকামতলার মুরাদনগর চৌকিরঘাট এলাকায় সড়কের পাশে একটি কলাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লিংকনের মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। পরনে জিনসের প্যান্ট, কালো জ্যাকেট ও একটি গেঞ্জি ছিল। মুখে খোঁচা খোঁচা দাড়ি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে লিংকনের লাশ উদ্ধারের খবরে তাঁর পরিবারে নেমে আসে শোকের ছায়া। তাঁর স্ত্রী ফারজানা শারমিন বিলাপ করে বলছিলেন, ‘আমার স্বামীর কোনো অপরাধ ছিল না। তাঁকে কেন মরতে হলো। আমি এ হত্যার বিচার চাই।’
১৫ ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের সামনে মহাসড়কের পাশের একটি চায়ের দোকান থেকে লিংকনকে অপহরণ করা হয়। অপহরণকারীরা সাদাপোশাকে ছিল। অপহরণের পরদিন থেকে লিংকনের সন্ধান চেয়ে রংপুরের ধাপ এলাকাবাসী ও মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী সমিতির পক্ষ থেকে হাসপাতালে অবস্থান ধর্মঘট ও প্রতীকী কর্মবিরতি পালন করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেওয়া এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অপহরণের রাতেই তাঁর স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেন। স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনও করেন তিনি।