অপহরণের ১০ মাস পর বাবার কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১০ মাস পর বাবার কোলে ফিরেছে শিশু মো. আরিফ (৯)। ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে গতকাল মঙ্গলবার আরিফকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
আরিফের বাবার নাম জাকির হোসেন। বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সিদ্দিক কাজীরপাড়া গ্রামে। দুই ভাই ও দুই বোনের মধ্যে আরিফ তৃতীয়। দৃষ্টিপ্রতিবন্ধী জাকির দৌলতদিয়া ঘাটে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। গত বছরের মে মাসের শেষ সপ্তাহে আরিফ গ্রাম থেকে অপহৃত হয়। ওই বছরের ১৫ জুন সে রংপুরে কৌশলে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে যায়। ওই দিনই কোতোয়ালি থানার পুলিশ তাকে উদ্ধার করে রংপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। এ কেন্দ্রের মনোরোগ চিকিৎসক মনিরুল ইসলাম গত সোমবার আরিফকে ফরিদপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন।
ফরিদপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক বিপ্লব কুমার সাহা বলেন, গত রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরিফের সঙ্গে তার বাবার কথা বলিয়ে দেওয়া হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আরিফকে তার বাবার কোলে তুলে দেওয়া হয়। আরিফকে নিতে বাবার সঙ্গে তার বোন আসমা বেগম ও রাজবাড়ী দৃষ্টিপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবু বকর শেখ এসেছিলেন।
আরিফকে খুঁজে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা জাকির হোসেন। তিনি বলেন, ‘১০ মাস ধরে অনেক খুঁজেছি। ভাবিনি ছেলেকে আবার পাব। আরিফকে ফিরে পেতে আল্লাহর দরবারে বহু কেঁদেছি।’