অপহরণের ১১ ঘণ্টা পর কলেজছাত্র উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে অপহরণের ১১ ঘণ্টা পর কলেজছাত্র কাউছার আলীকে (২০) গতকাল রোববার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভ ও জনি নামের দুজনকে শহরের নূর মহল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কাউছার মুলাডুলি গোয়ালবাথান মধ্যপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র।
ঈশ্বরদী থানার পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে তিন-চারজন যুবক শহরের ঠাকুরবাড়ি এলাকা থেকে কাউছারকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে মুঠোফোনে তাঁর বাবার কাছে মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ মুঠোফোনের নম্বর ট্র্যাক করে, অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে শহরের নূর মহল্লা বস্তি থেকে রাত নয়টার দিকে কাউছারকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীদের মধ্যে শুভ ও জনিকে গ্রেপ্তার করা গেলেও অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, শুভ ও জনি মাদকাসক্ত। তাঁরা কয়েক বন্ধু মিলে মাদকের টাকা জোগাড় করার কৌশল হিসেবে কাউছারকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় কাউছারের বাবা হোসেন আলী শুভ ও জনিসহ চারজনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।