অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর ফায়ার সার্ভিস এলাকা থেকে ৬ নভেম্বর অপহূত হয় দশম শ্রেণীর এক ছাত্রী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বখাটে শিপন খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী ৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিসের পূর্বে পৌঁছালে শিপন, জসিমসহ চার-পাঁচজন তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ৮ নভেম্বর ওই ছাত্রীর বড় ভাই পিরোজপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরে প্রত্যক্ষদর্শীর বিবরণ শুনে ছাত্রীর বাবা জানতে পারেন, শিপন তাকে অপহরণ করেছে। এরপর তিনি শিপনের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে মেয়ের অবস্থানের কথা জানতে চান। পরে শিপনের মামা স্থানীয় কমিশনার সরোয়ার হোসেন অপহরণের সত্যতা স্বীকার করেন এবং আলোচনাসাপেক্ষে ওই ছাত্রীকে ফেরত দেওয়ার আশ্বাস দেন। পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও মেয়েকে ফেরত না পেয়ে ১১ নভেম্বর তার বাবা পিরোজপুর থানায় শিপন, রিপন ও তাদের বাবা মো. শাহাবুদ্দিন খান, মা জাহানারা বেগম, জসিম খান নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।ওই ছাত্রীর বাবা জানান, ১০ নভেম্বর তাঁর মেয়ের এসএসসির ফরম পূরণ করার কথা ছিল। এখন তার শিক্ষাজীবনও হুমকির মুখে। তিনি মেয়েকে জীবিত উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানান।পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, মামলার প্রধান আসামি শিপন বখাটে প্রকৃতির। সে মেয়েদের উত্ত্যক্ত করার দায়ে ছয় মাসের কারাদণ্ড ভোগ করেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদল কৃষ্ণ দাস জানান, আসামিদের গ্রেপ্তারে তাঁরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন। শিগগিরই ওই ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।