অপহরণের ১৫ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বরতৈল থেকে অপহরণের ১৫ ঘণ্টা পর গতকাল শুক্রবার ব্যবসায়ী সোহেল রানাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরতৈলের সোহেল মাঝি ও চানখোলা এলাকার কাইয়ুম কাজী এবং ঢাকার উত্তরখানের উজামপুর এলাকার মো. সোহেল।অপহূতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, টঙ্গীর আরিচপুর এলাকার পরিত্যক্ত (ঝুট) মালের ব্যবসায়ী সোহেলকে অপহরণকারীরা গত বৃহস্পতিবার ঝুট কেনার কথা বলে মুঠোফোনে ডেকে কালীগঞ্জে নিয়ে যান। সোহেল রাত নয়টার দিকে বরতৈলে পৌঁছালে চার-পাঁচজন যুবক তাঁকে অস্ত্র দেখিয়ে অপহরণ করেন। পরে তাঁরা সোহেলের বাবা নজরুল ইসলামের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।নজরুল বিষয়টি কালীগঞ্জ থানার পুলিশকে জানান। পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং কৌশলে অপহরণকারীদের মিথ্যা প্রলোভন দেখায়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর পলাশ থানার ইসলামপুর এলাকার দেলোয়ার হোসেনের বাড়ি থেকে সোহেলকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।সোহেলের মাথায় ও চোখে মারাত্মক জখম রয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।