অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১৬ ঘণ্টার মাথায় দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ অপহূত যুবককে উদ্ধার এবং ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ১০টায় শহরের কাঞ্চন কলোনির জয়নাল আবেদিনের ছেলে তৌহিদকে (২৪) শহরের লালবাগ কবরস্থান এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা রাত ১০টায় মুঠোফোনের মাধ্যমে তৌহিদের বড় ভাই ব্যবসায়ী গোলাম মোস্তফা খোকনের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
কোতোয়ালি পুলিশের উপপরিদর্শক (অপরাধ তদন্ত) শেখ হিফজুর রহমান জানান, পুলিশ মোবাইল নম্বর ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়। এরপর সোমবার দিবাগত রাত দুইটায় বীরগঞ্জ উপজেলার শালবাগানে অভিযান চালায়। এ সময় তৌহিদকে উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বীরগঞ্জ উপজেলার দক্ষিণ সুজালপুর গ্রামের পলাশ (২৪) ও একই গ্রামের রুবেল (৪০)। পুলিশ অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ করছে।