অপহরণের ১৬ দিন পরও স্কুলছাত্রী উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের ১৬ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় দেবীগঞ্জ থানার পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আদালতের নির্দেশে পুলিশ মামলা নিয়েছে। তবে পুলিশ এখনো এ মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। মেয়ের বাবা অভিযোগ করেছেন, প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। পাশাপাশি আসামিরা মামলা তুলে নিতে তাঁদের হুমকি দিচ্ছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দেবীগঞ্জের ভাউলাগঞ্জ এলাকার এক স্কুলছাত্রীকে ৭ অক্টোবর ভাউলাগঞ্জ উচ্চবিদ্যালয়ের কাছে করাতকলের কাছ থেকে তিস্তাপাড়া গ্রামের মো. আনিছুর রহমান ও মো. মনোয়ার হোসেন, রাসেদসহ আরও কয়েকজন তরুণ একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ওই দিন দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অপহরণকারীরা মুঠোফোন করে মেয়ের বাবার কাছে দুই লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে ছাত্রীর বাবা দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। তিনি ১০ অক্টোবর আনিছুর, মনোয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।মনোয়ার হোসেন দাবি করে বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে মো. আনিছুর রহমানের প্রেমের সম্পর্ক আছে। মেয়েটি স্বেচ্ছায় গেছে, তাকে কেউ অপহরণ করেনি। মিথ্যাভাবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে।’দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলা অবশ্যই রেকর্ড করা হয়েছে। অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।