অপহরণের ১৭ দিন পর দুই ছাত্রী উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে অপহরণের ১৭ দিন পর গত শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও ছাত্রীদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ মে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে দাদপুর গ্রামের মোক্তার মুন্সি (২৮) প্রধান শিক্ষকের বাড়িতে মিষ্টি খাওয়ানোর কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। মোক্তার পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। ওই দিনই তিনি ওই ছাত্রীদের মোটরসাইকেলে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় নিয়ে সেখান থেকে মাইক্রোবাসে ঢাকার দিকে নিয়ে যান। এরপর এ ঘটনায় গত ২৯ মে অপহৃত এক ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, দাদপুর গ্রাম থেকে মোক্তারকে আটক করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদে মোক্তার স্বীকার করেন, অপহৃত দুই ছাত্রীকে ঢাকায় একটি বাড়িতে রাখা হয়েছে। মোক্তার আটকের পর তাঁর পরিবারের সদস্যরা অপহৃত দুই ছাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়ার বিনিময়ে মোক্তারকে ফেরত চায়। মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে পুলিশ কৌশলে মোক্তারকে রাজবাড়ী রাস্তার মোড়ে রেখে যেতে রাজি হয় এবং ছাত্রীদের সেখানে নিয়ে আসতে বলে। শুক্রবার বিকেল চারটায় ছাত্রীদের রাজবাড়ী রাস্তার মোড়ে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে৷ ’
মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে গতকাল শনিবার বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।