অপহরণের ১৭ দিন পর প্রকৌশলীসহ পাঁচজন উদ্ধার

রাঙামাটি থেকে অপহরণের ১৭ দিন পর খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে আজ শুক্রবার ভোরে বি টেকনোলজির এক প্রকৌশলীসহ অপহূত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। বি টেকনোলজি রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন বি টেকনোলজির প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন ও মো. হেমায়েত হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং এলাকা থেকে অপহূত ব্যক্তিদের উদ্ধার করা হয়। তবে অপহরণকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। অপহূত ব্যক্তিরা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। তবে তাঁরা সুস্থ আছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম প্রথম আলো ডটকমকে জানান, অপহূত ব্যক্তিদের উদ্ধারের পর ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) তত্ত্বাবধানে খাগড়াছড়ি থেকে রাঙামাটি আনা হচ্ছে।
গত ৮ জুলাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারে কারিগরি ত্রুটি মেরামতের সময় সশস্ত্র দুর্বৃত্তরা বি টেকনোলজির ওই পাঁচজনকে অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বি টেকনোলজি কর্তৃপক্ষের সঙ্গে খাগড়াছড়ির একটি গোপন জায়গায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিপণ বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করায় সমঝোতা ভেস্তে যায়।
অপহরণের পর থেকে অপহূত ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখে পুলিশ ও সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় ১৭ দিন পর অপহূত পাঁচজনকে উদ্ধার করা হলো। অপহরণের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন বারিবিন্দুঘাটের মাঝি হিরন্ময় চাকমা ও টেলিটকের স্থানীয় টাওয়ার তত্ত্বাবধানকারী মন্টু বিকাশ চাকমা পুলিশ রিমান্ডে রয়েছেন।