অপহরণের ১৮ ঘণ্টা পর আদিবাসী শিশু উদ্ধার, আটক ১
চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সামনের খিল এলাকা থেকে এক আদিবাসী শিশুকে অপহরণের প্রায় ১৮ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারের একটি আবাসিক হোটেল থেকে কার্তিক ত্রিপুরা নামের ওই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী যতীন ত্রিপুরাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।উদ্ধার করা শিশু কার্তিক (৮) গতকাল শুক্রবার প্রথম আলোকে জানায়, সে করেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গত বৃহস্পতিবার সকালে সে স্কুলে যাচ্ছিল। পথে সকাল আটটার দিকে সাধুবেশী যতীনের (৪০) সঙ্গে তার দেখা হয়। কেক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে যতীন তাকে করেরহাট নিয়ে যান। সেখানে কেক কিনে দেন। পরে সিএনজিচালিত একটি অটোরিকশায় উঠিয়ে চট্টগ্রামের কুমিরা, ভাটিয়ারী ও অক্সিজেন এলাকা ঘুরিয়ে নাজিরহাট বাজারের ওই আবাসিক হোটেলে নিয়ে যান। রাতে সে কান্নাকাটি করে। একপর্যায়ে সে হোটেলের ব্যবস্থাপককে ঘটনাটি জানায়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হোটেলের ব্যবস্থাপক কার্তিকের বাবার মুঠোফোন নম্বর সংগ্রহ করে এ ঘটনা তাঁকে জানান। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী এসে কার্তিককে উদ্ধার ও যতীনকে আটক করেন। যতীনের বাড়ি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেজামণিপাড়ায়।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নাজির আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতীন শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।