অপহরণের ২২ দিন পর ফিরে এলেন বেলাল
অপহরণের ২২ দিন পর ফিরে এলেন নারায়ণগঞ্জের রপ্তানিমুখী ফকির নিটওয়্যার লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক বেলাল হোসেন (৩৬)। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় এক আত্মীয়র বাসায় আছেন।
বেলালের বাড়ি নারায়ণগঞ্জ শহরের মাসদাইরের আল আমিন মসজিদ গলিতে। তিনি প্রথম আলোকে বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় তিনি ব্যক্তিগত ব্যবসার সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে রূপগঞ্জের বালিয়াপাড়ায় যাচ্ছিলেন। রূপগঞ্জের তারাব চৌরাস্তায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছানোর পর কালো গ্লাসের একটি মাইক্রোবাস তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। জোর করে তাঁকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে কাপড় দিয় চোখ-মুখ বেঁধে ফেলে এবং সঙ্গে থাকা মুঠোফোন, মানিব্যাগ ও সাড়ে পাঁচ লাখ টাকা কেড়ে নেয়। এরপর অজ্ঞাত একটি স্থানে নিয়ে আটকে রাখে। অপহরণকারীরা নিজেদের পরিচয় জানায়নি এবং কোনো কিছু দাবিও করেনি।
বেলাল আরও জানান, এই কদিন বেশির ভাগ সময়ই ঘুমের ঘোরে ছিলেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে তাঁকে খাবার দেওয়া হতো। যারা খাবার দিত, তাদের মুখ কাপড়ে বাঁধা থাকত। একবার ধারালো কোনো বস্তু দিয়ে তাঁর কানে আঘাত করে। এ ছাড়া আর অন্য কোনো শারীরিক নির্যাতন করেনি। পরে অচেতন অবস্থায় তাঁকে শহরের জামতলা ঈদগাহের সামনে ফেলে রেখে যায়।
বেলালের স্ত্রী মীর্জা খালেদা বেগম বলেন, ১১ মার্চ ভোর চারটা ৩৮ মিনিটে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা তাঁর স্বামীর মুঠোফোন থেকেই তাঁকে ফোন করে বলেন, ‘আপনার স্বামীকে ঈদগাহের সামনে রেখে গেলাম। আপনি এসে নিয়ে যান।’ এ খবর পেয়ে তিনি ঈদগাহের সামনে গিয়ে দেখতে পান, অন্ধকারে রাস্তার পাশে তাঁর স্বামী অচেতন অবস্থায় পড়ে আছেন।
বেলালকে জীবিত ফিরে পেলেও চরম আতঙ্কের মধ্যে আছেন তাঁর পরিবারের সদস্যরা।