অপহরণের ২৬ দিন পর শিশুপুত্রকে ফিরে পেলেন আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ মাসের শিশু রেজাউল করিম ওরফে আলিফকে বুকে আঁকড়ে ধরেছেন আনোয়ার হোসেন। ছলছল চোখে আদর করছেন। অপহরণের ২৬ দিন পর তিনি ফিরে পেয়েছেন শিশুপুত্রকে। ছেলে ফিরে পাওয়ার আনন্দ তাঁর চোখেমুখে। এ দৃশ্য দেখা গেছে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের সম্মেলনকক্ষে।নগর গোয়েন্দা পুলিশের একটি দল গত সোমবার নারায়ণগঞ্জ থেকে আলিফকে উদ্ধার করে। অপহরণকারী সন্দেহে গ্রেপ্তার করা হয় সামিউল ইসলাম (২৫) ও নিগার সুলতানাকে (২৬)। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।গতকাল আলিফ ও নিগারকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আজিজ আহম্মদ বলেন, ‘শিশুটিকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। আমরা সামিউলকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করি। পরে নারায়ণগঞ্জ থেকে সুলতানাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছেই আলিফকে পাওয়া যায়।’আলিফের বাবা আনোয়ার বলেন, ‘এই ২৬টি দিন যে আমাদের কীভাবে কেটেছে, তা বোঝাতে পারব না। একমাত্র সন্তানের চিন্তায় ওর মা অসুস্থ হয়ে পড়েছে।’জানা গেছে, ১৬ মার্চ পতেঙ্গার আলী আকবর কলোনির বাসা থেকে আলিফ হঠাৎ নিখোঁজ হয়। এর পর থেকে তাঁদের পাশের ঘরের ভাড়াটে নিগার সুলতানা ও সামিউলকেও পাওয়া যাচ্ছিল না। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ছয় দিন আগে ওই কলোনিতে বাসা ভাড়া নিয়েছিলেন। এ ঘটনায় পরদিন পতেঙ্গা থানায় মামলা করা হয়।