অপহরণের ২৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
টাঙ্গাইলের ঘাটাইলে অপহরণের ২৬ দিনেও স্কুলছাত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। অপহরণকারীরা উল্টো ছাত্রীর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে পরিবার অভিযোগ করেছে।
মামলার বিবরণ থেকে ও এলাকাবাসীর কাছে জানা যায়, উপজেলার গুপ্তবৃন্দাবন এলাকার দরিদ্র কৃষকের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে পাশের কুনিভাঙ্গা গ্রামের আবদুল বাছেদ (২১) প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে বাছেদের সঙ্গে মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য তাঁর বাবা-মা মেয়ের বাবাকে চাপ দেন। কিন্তু তিনি বিয়ে দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে বাছেদ তাঁর পরিবারের অন্যদের সহায়তায় গত ১৬ মে ওই ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান।
মেয়ের বাবা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে গত ১ জুন তিনি বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। মেয়ের বাবার অভিযোগ, মামলা করার পর বাছেদ ও তাঁর পরিবারের লোকেরা তাঁকে হুমকি দিচ্ছেন। তাঁরা এলাকায় অবস্থান করলেও পুলিশ গ্রেপ্তার করছে না। ঘাটাইল থানার ওসি ফজলুল কবীর জানান, স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।