অপহরণের ৩৫ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একটি ডোবা থেকে গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় পচে যাওয়া বস্তাবন্দী লাশটি রকিবুল ইসলাম ইমন (১৪) নামের এক কিশোরের। গত ২৯ জানুয়ারি সে অপহূত হয়। মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীর দিনই এ লাশ উদ্ধারের ঘটনা ঘটল।
পুলিশ জানায়, অপহরণের ৩৫ দিন পর গতকাল সকালে কামতাল মালিভিটায় অবস্থিত ট্র্যাফে ট্রাক্টর কোম্পানির পেছনে থাকা একটি মুরগির খামারের পাশের ডোবা থেকে ইমনের লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপহরণে জড়িত সন্দেহে ইমনের আপন চাচাতো ভাই আল আমীন ও সাইদুর এবং শাজাহান আলী নামে তাঁর দুই সহযোগীকে গত বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা ইমনকে অপহরণের পর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেখানো স্থান থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়।
সৌদিপ্রবাসী নূর ইসলামের ছেলে ইমন সোনারগাঁয়ের মোগরাপাড়া উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত।
বন্দর থানার ওসি আক্তার মুর্শেদ বলেন, গত ২৯ জানুয়ারি রাতে বাড়ির সামনের রাস্তা থেকে ইমনকে তার চাচাতো ভাই আল আমীন (২০) ডেকে নিয়ে যান। ঘটনার ছয় দিন পর ইমনের মা ফেরদৌসী বেগম বাদী হয়ে ইমনের চাচা পিয়ার হোসেন, চাচাতো ভাই নূর আলম, ফুফাতো বোন সাহারা বানু, তাঁর স্বামী জসিম উদ্দিন এবং প্রতিবেশী মাসুমকে আসামি করে বন্দর থানায় একটি অপহরণ মামলা করেন। ওই মামলায় নিহতের চাচা পিয়ার হোসেন ও ফুফাতো বোন সাহারা বানুকে গ্রেপ্তার করে পুলিশ।