অপহরণের ৬ দিন পর দুই স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অপহরণের ছয় দিন পর গতকাল সোমবার দুই স্কুলছাত্রী উদ্ধার হয়েছে। অপহরণকারী সন্দেহে তাদের এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ।
আটক গৃহশিক্ষকের নাম ফয়জুল ইসলাম (৪৩)। তিনি উপজেলার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। অপহরণের শিকার স্কুলছাত্রীরা দামুড়হুদার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ বলছে, ফয়জুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই দুই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। ৭ মার্চ তারা বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় অভিভাবকেরা ৮ মার্চ দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাকী বলেন, দুই ছাত্রী নিরুদ্দেশ হওয়া থেকেই গৃহশিক্ষক ফয়জুল ও তাঁর সহযোগী আনিসুর মাল সন্দেহের শীর্ষে ছিলেন। তাঁদের ধরতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়। ঘটনার পর থেকে তাঁরা ওই দুই ছাত্রীকে নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় থাকেন। গতকাল ভোর চারটার দিকে তাঁরা ফকিরপাড়া গ্রামে যান। এ সময় পুলিশ দুই ছাত্রীকে উদ্ধার ও গৃহশিক্ষক ফয়জুলকে আটক করতে সক্ষম হয়। তবে তাঁর সহযোগী আনিসুর পালিয়ে যান।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই ছাত্রীকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে। আটক ফয়জুলকেও এদিন আদালতে তোলা হবে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, উদ্ধার হওয়া দুই ছাত্রীর মধ্যে একজনের বাবা ফয়জুল ও আনিসুলকে আসামি করে গতকাল থানায় অপহরণের মামলা করেছেন। আনিসুলকে ধরতে অভিযান চলছে।