অপহরণের ৯০ দিন পর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করার পর মজনু মিয়া  প্রথম আলো
উদ্ধার করার পর মজনু মিয়া প্রথম আলো

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের বামুন্দী বাজার থেকে অপহূত মজনু মিয়াকে (৩৩) ৯০ দিন পর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গ্রামবাসীর খবর পেয়ে পুলিশ বামুন্দী ঝোড়ামাঠ থেকে তাঁকে উদ্ধার করে। এ সময় শিকল দিয়ে তাঁর হাত-পা বাঁধা ছিল।
মজনু মিয়ার বাবা বামুন্দী ইউনিয়নের চরগোয়াল গ্রামের কুতুব উদ্দিন শেখ জানান, গত বছরের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় মজনু নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাঁর খোঁজ মেলেনি। মুক্তিপণের জন্য কেউ তাদের সঙ্গে যোগাযোগও করেনি। গতকাল গ্রামবাসী মুখ বাঁধা একটি বস্তা নড়াচড়া করতে দেখে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বস্তার মুখ খুললে ভেতরে গরুর ভুঁড়ির সঙ্গে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অসুস্থ মজনুকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মজনু মিয়া জানান, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির বাইরে বের হলে প্রলোভন দেখিয়ে কয়েকজন ব্যক্তি তাঁকে বামুন্দী বাজার এলাকা থেকে অপহরণ করে। মোটরসাইকেলে কিছুদূর যাওয়ার পর অপহরণকারীরা তাঁর চোখ-মুখ বেঁধে ফেলে। পরে হাত-পা বেঁধে তাঁকে বিভিন্ন স্থানে বন্দী রাখা হতো। প্রায়ই তাঁকে নির্যাতন করা হতো। ঠিকমতো খাবার দেওয়া হতো না। এভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে কেন ও কারা তাঁকে অপহরণ করেছিল, তা তিনি জানাননি।
বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সামসুল আলম জানান, গ্রামবাসীর কাছে খবর পেয়ে পুলিশ মজনু মিয়াকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকালে বস্তার ভেতর শিকল দিয়ে তাঁর হাত-পা বাঁধা ছিল। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মামলা করা হয়নি। তারপরও এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।