অপহূত আ.লীগ নেতা উদ্ধার
নোয়াখালীর চাটখিলে অপহূত আওয়ামী লীগ নেতা আবু হানিফ ওরফে রিপনকে (৩৮) উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের সোবহানপুর গ্রামের সীমান্তবর্তী লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের বাহার ব্রিক ফিল্ড থেকে তাঁকে উদ্ধার করা হয়। হানিফ নোয়াখোলা ইউনিয়নের (পূর্বাঞ্চল) যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে নোয়াখোলা ইউনিয়নের সিংবাড়ুয়া এলাকার একটি দোকানের সামনে থেকে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত একটি মোটসাইকেলযোগে এসে তাঁকে অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাটখিলের সীমান্তবর্তী লক্ষ্মীপুরের বশিকপুর গ্রামের ওই ব্রিক ফিল্ডে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে আত্মীয়স্বজনেরা সেখানে গিয়ে আবু হানিফকে শনাক্ত করেন এবং পুলিশের সহায়তায় উদ্ধার করেন। এরপর তাঁকে উপজেলা সদরের নোমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।