রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি দাশকে অপহরণের ২৪ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। তাঁর অপহরণের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে নানিয়ারচর উপজেলায় গতকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান জানান, ঘটনার পর থেকে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে ত্রিদিব কান্তি দাশের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে অপহূত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টাও চলেছে।
সর্বদলীয় রাজনৈতিক দলের ব্যানারে আহূত হরতাল চলাকালে উপজেলায় সড়ক ও নৌপথে যানবাহন চলাচল করেনি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ ছিল। বিভিন্ন অফিস খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল না।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা বলেন, হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত শনিবার বিকেল পাঁচটার দিকে নানিয়ারচর উপজেলা থেকে মোটরসাইকেলে করে রাঙামাটি আসার পথে সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের শুকরছড়ি এলাকা থেকে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি দাশ অপহূত হন।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাইফুল আলম চৌধুরী বলেন, ত্রিদিব কান্তি দাশের অপহরণের ব্যাপারে কেউ মামলা করেত আসেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
এদিকে শনিবার রাতে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুছা মাতব্বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ত্রিদিব কান্তি দাশকে অপহরণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগের জরুরি সভার উদ্ধৃতি দিয়ে বলা হয়, আওয়ামী লীগ অপহরণকারীদের প্রতি ত্রিদিব কান্তি দাশের নিঃশর্ত মুক্তির অনুরোধ জানিয়েছে।