অপহূত আদিবাসী ছাত্রীকে উদ্ধারের দাবি
বগুড়ার শেরপুরে অপহরণের শিকার এক আদিবাসী স্কুলছাত্রীকে উদ্ধার করার বিষয়ে পুলিশের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার উপজেলা আদিবাসী ইউনিয়নের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল, বাসস্ট্যান্ড চত্বরে সভা এবং স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া এবং দ্রুত অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানান। স্কুলছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। উপজেলার বাগমারা গ্রামের বাড়ি থেকে তাঁর মেয়ে ১৪ মার্চ সকালে সহপাঠীর সঙ্গে কোচিং সেন্টারে পড়তে যায়। পথে বাগমারা গ্রামের বড়পুকুরিয়া পাকা সড়কে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের পথরোধ করে। এ সময় পাঁচজন অপহরণকারী চাকু ধরে ভয় দেখিয়ে তাঁর মেয়েকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। ওই স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়েকে অপহরণের বিষয়ে তিনি ১৪ মার্চ রাতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। কিন্তু ওই থানার পুলিশ মামলা রেকর্ড করে ১৬ মার্চ। অভিযোগ অস্বীকার করে শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।