অপহূত আরেক স্কুলছাত্রের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে গত মঙ্গলবার অপহূত আরেক ছাত্রের লাশ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। সাদিপুর ইউনিয়নের মোগড়াকুল এলাকা থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার একই ইউনিয়নের ভারগাঁও এলাকা থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জীবনকান্তি সরকার জানান, মুক্তিপণের দাবিতে মঙ্গলবার জাহিদুল ইসলাম (১৩) ও শাকিন আলমকে (৯) কাঁচপুর থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। তারা দুজনই ওমর আলী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। জাহিদুল সপ্তম ও শাকিন তৃতীয় শ্রেণীতে পড়ত। বুধবার জাহিদুল ও গতকাল শাকিনের লাশ উদ্ধার করা হলো।
শাকিনের বাবা শামসুল আলম ও মা সুমি বেগম তাঁদের একমাত্র সন্তানের লাশ দেখে বিলাপ করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে পাওয়ার পর তাঁরা জানান, অপহরণকারীরা ফোনে তাঁদের ছেলেকে ফিরিয়ে দেবে বলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। অপহরণকারীদের দাবিমতো টাকা নিয়ে কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ঘুরলেও তাদের কেউ টাকা নিতে আসেনি।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদার জানান, দুজন ছাত্রকে মঙ্গলবার রাতেই একই কায়দায় জবাই করে হত্যা করা হয়েছে বলে মনে হয়। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের সঙ্গে র্যাবও অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য শাকিনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।