অপহূত এসএসসি পরীক্ষার্থী দৌলতপুরে উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কলেজছাত্রদের নেতৃত্বে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এ অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আর ওই পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে এক শিক্ষকের বাড়ি থেকে।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ছাত্র উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ছাত্রের নাম শেখ মোর্শেদুল ইসলাম। সে কুষ্টিয়া শহরের হাইজিং এলাকার শেখ রবিউল ইসলামে ছেলে। মোর্শেদুল জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে।গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকার বিপুল ইসলাম, পুর্ব মজমপুরের আরিফুল ইসলাম, হাউজিং এলাকার মোস্তাকিম আহম্মেদ, সিরাজুল ইসলাম, দৌলতপুর উপজেলার আলমাস হোসেন ও মেহেরপুরের ফিরোজ শেখ।গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আলমাস হোসেন স্কুলশিক্ষক এবং সিরাজুল কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ও মোস্তাকিম কুষ্টিয়া সিটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।গতকাল সকাল ১০টায় কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আনিসুজ্জামান (বীর প্রতীক) সাংবাদিকদের এ তথ্য দেন।র‌্যাবের অধিনায়ক দাবি করেন, গত রোববার বিকেলে মোর্শেদুলকে তার বন্ধুরা কৌশলে ফিলিপনগরে নিয়ে যায়। সেখানে আলমাসের বাড়িতে তাকে আটকে রাখা হয়। পরে মোর্শেদুলের বাবার মুঠোফোনে ফোন করে অপহরণকারীরা ১০ লাখ টাকা দাবি করে।মোর্শেদের বাবা বিষয়টি কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে জানান। র‌্যাব মুঠোফোনে আড়িপেতে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে এবং ফিলিপনগরে গত বুধবার রাতে অভিযান চালায়। সেখান থেকেই অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি নাইন এমএম পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি এলজি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।র‌্যাবের অধিনায়ক আরও জানান, অপহরণের এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী বিপুল চৌধুরী প্রত্যক্ষভাবে জড়িত। তাঁকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে গতকাল অস্ত্র আইনে দৌলতপুর ও অপহরণের অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে।শিক্ষক আলমাস হোসেন বলেন, বিপুল চৌধুরী অস্ত্রের ভয় দেখিয়ে মোর্শেদুলকে তাঁর বাড়িতে রাখতে বাধ্য করেন।