অপহূত কিশোরী সাত মাস পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় সাত মাস পর ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ গত শুক্রবার অপহূত এক কিশোরীকে উদ্ধার করেছে। গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়।উদ্ধার হওয়া কিশোরী নান্দাইলের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। চলতি এসএসসি পরীক্ষায় তার অংশগ্রহণের কথা ছিল। উদ্ধারে ব্যর্থ হয়ে গত জানুয়ারি মাসে কিশোরীর বাবা বাদী হয়ে ময়মনসিংহ বিচারিক হাকিম আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে নান্দাইল থানাকে মামলাটি তদন্তের নির্দেশ দেন আদালত।পুলিশ হেফাজতে থাকা কিশোরী জানায়, গত বছরের ৬ সেপ্টেম্বর উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাসিন্দা চাচাতো বোনের স্বামী সুমন মিয়া তাকে অপহরণ করেন। অপহরণের পর তাকে গফরগাঁও উপজেলার একটি বাড়িতে রাখা হয়। সেখানে আটকে রেখে ১০ দিন ধরে পাশবিক নির্যাতন চালান সুমন। একপর্যায়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে গ্রামের লোকজন ঘটনা টের পেয়ে যান। স্থানীয় এক মাওলানা ডেকে তার অমতে সুমনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এরপর তাকে পাশের কমলাপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে কিশোরীর পরিবারের লোকজন ওই গ্রাম থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালান। ইতিমধ্যে সুমন তাকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। মেয়েটি কৌশলে মুঠোফোনে তার অবস্থানের কথা আবার পরিবারকে জানায়। কিন্তু বিষয়টি বুঝতে পেরে কিশোরীকে কোনাবাড়ী থেকে রাজধানীর উত্তরায় একটি বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়। সেখান থেকে আবারও মুঠোফোনে নিজের অবস্থানের কথা পরিবারকে জানালে তার এক চাচা গত বৃহস্পতিবার পুলিশের সহায়তায় তাকে যাত্রাবাড়ী নিয়ে আসেন। শুক্রবার যাত্রাবাড়ী থেকে নান্দাইল আনা হয় কিশোরীকে। অভিযুক্ত সুমনের মুঠোফোন নম্বরটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার এসআই মোহামঞ্চদ আবদুস ছাত্তার বলেন, কৌশলে মেয়েটিকে উত্তরার বাড়ি থেকে বের করে যাত্রাবাড়ী এলাকায় আনা হয়। শুক্রবার বিকেলে তাকে নান্দাইল আনা হয়েছে।