অপহূত ছাত্রী এক মাস পর উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অপহূত স্কুলছাত্রীকে এক মাস পর কাল মঙ্গলবার রাজশাহী থেকে উদ্ধার করেছে পুলিশ। মেয়েটিকে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা যায়, নবীনগরের বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামের ওই স্কুলছাত্রী (১১) গত ১৪ সেপ্টেম্বর বিকেলে তার নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে একই গ্রামের রফিকুল ইসলাম (২০) তাঁর কয়েকজন সহযোগী নিয়ে মেয়েটিকে অপহরণ করেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে পরদিন রফিকুলকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় অপহরণ মামলা করেন।পুলিশ জানায়, নবীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজশাহীর চারঘাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ও নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেয়েটির জবানবন্দি রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।