অপহূত তিন জেলে ও এক ট্রলার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনার দুর্গম কালামচরের কাছে জলদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর কোস্টগার্ড কালামচরসংলগ্ন নদীর কূল থেকে তিন দিন আগে অপহূত তিন জেলে ও একটি ট্রলার এবং দস্যুদের ফেলে যাওয়া ৩৪টি গুলি উদ্ধার করেছে।উদ্ধার হওয়া জেলেরা হলেন আলমগীর হোসেন (২২), ফারুক হোসেন (২৩) ও নজরুল ইসলাম (২২)। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া এলাকায়। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লে. মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি দল নিয়মিত টহলে মেঘনার কালামচরের কাছে যায়। এ সময় সেখানে অবস্থানরত জলদস্যু কালাম বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। কয়েক মিনিট এ গোলাগুলি চলার পর জলদস্যুরা দুর্গম কালামচরের ভেতরের দিকে ঢুকে পড়ে। পরে কোস্টগার্ডের সদস্যরা বনের ভেতর তল্লাশি চালিয়েও কাউকে আটক করতে পারেননি। এ ঘটনার পর চরসংলগ্ন মেঘনার তীরে একটি মাছ ধরা ট্রলার থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়। সূত্র জানায়, এ সময় জেলেদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান—তিন দিন আগে বঙ্গোপসাগর থেকে জলদস্যু কালাম বাহিনী তাঁদের অপহরণ করে কালামচরে নিয়ে এসে আটকে রাখে। জানতে চাইলে অভিযানের কথা নিশ্চিত করেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মাহফুজুল ইসলাম। তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, উদ্ধার করা জেলেদের সন্ধ্যায় মনপুরা পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা দস্যু বাহিনীর বিরুদ্ধে হাতিয়া থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।