অপহূত দুই কলেজছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩
ফরিদপুরে সরকারি সারদাসুন্দরী মহিলা কলেজের ছাত্রী দুই বোনকে গত রোববার অপহরণের দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নির্মল সাহা (২৫) এবং তাঁর দুই সহযোগী দেবনাথ সাহা (১৮) ও জুয়েল রানা। নির্মল সাহার বাড়ি নগরকান্দা উপজেলার তালমা এলাকায় এবং তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। দেবনাথ সাহা ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর জুয়েল রানার বাড়ি নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে।প্রত্যক্ষদর্শী রথখোলা এলাকার প্রশান্ত কর্মকার জানান, রোববার দুপুর আড়াইটার দিকে কলেজ থেকে হেঁটে পুরাতন বাসস্ট্যান্ডে যাওয়ার পথে রথখোলা এলাকার ওয়াপদা গোডাউনের সামনে একটি মাইক্রোবাস তাঁদের গতি রোধ করে। কয়েকজন অপহরণকারী টেনে-হিঁচড়ে ওই দুই বোনকে মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রুত চলে যায়। টানা-হেঁচড়ার ফলে এক মেয়ের কলেজের ব্যাগ রাস্তায় পড়ে যায়। পড়ে থাকা ব্যাগের কাগজপত্র দেখে মেয়ে দুটিকে শনাক্ত করা হয়। তাঁরা সরকারি সারদাসুন্দরী মহিলা কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস জানান, বিকেল সাড়ে চারটার দিকে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবালাশিয়া ঘাট থেকে দুই বোনকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। রোববার রাত নয়টার দিকে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তাঁদের আনা হয়। সেখানে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার উপস্থিত ছিলেন।জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, অপহরণকারীদের ব্যাগ তল্লাশি করে মোবাইল ফোনের ১২টি সিমকার্ডের কাগজ, একটি ডেভিড কার্ড, চারটি ব্যাংকের হিসাবের কাগজপত্রসহ কিছু আপত্তিকর দ্রব্যসামগ্রী পাওয়া গেছে।অপহরণকারী নির্মল সাহা দাবি করেন, তাঁর সঙ্গে বড় বোনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের গোপনে বিয়ে হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা মো. আলিম উজ-জামান বলেন, ‘এ ব্যাপারে মেয়ে দুটির বাবা বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানি পরবর্তী সময়ে হবে বলে জানান।’